প্রিন্ট এর তারিখঃ Nov 6, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 6, 2026 ইং
সামান্য বেড়েছে জ্বালানির দাম, সপ্তাহজুড়ে ১২ শতাংশ পতনের পথে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল নির্বাচনে বড় ধরনের পরাজয়ের পর ইরান যুদ্ধের উত্তেজনা কমার প্রত্যাশায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম সপ্তাহজুড়ে বড় পতনের পথে রয়েছে। তবে সংঘাতের কারণে মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ নিয়ে উদ্বেগে বাজারে দাম কমার ক্ষেত্রে কিছুটা বাধা তৈরি করছে।
শুক্রবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের জানুয়ারি মাসের ফিউচার মূল্য ১ দশমিক ৫৭ ডলার বা ১ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯৯ দশমিক ৮৬ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ১ দশমিক ১০ ডলার বা ১ দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯১ দশমিক ৬২ ডলারে লেনদেন হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, টানা দ্বিতীয় দিনের মতো বেড়েছে উভয় ধরনের অপরিশোধিত তেলের দাম।
তবে দৈনিক এই দরবৃদ্ধির পরও সপ্তাহজুড়ে ব্রেন্ট ক্রুডের দাম ১২ শতাংশ কমার পথে রয়েছে।
গত ৩০ অক্টোবর ডিসেম্বর মাসের চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর থেকেই এ পতনের প্রবণতা তৈরি হয়। অন্যদিকে, একই সময়ে ডব্লিউটিআইয়ের দাম কমতে পারে ১২ দশমিক ১ শতাংশ।
© সকল কিছুর স্বত্বাধিকার NNTV